
প্রধানমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও ছাত্রলীগকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে মামলা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
শাহরিয়ার ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, অভিযোগ শুনে আদালত বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ১ জুন ঢাকায় ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশ হয়। সেখানে নুরুল হক ছাত্রলীগকে ‘গুন্ডালীগ’ বলে আখ্যায়িত করেছেন। প্রধানমন্ত্রীকে ‘খুনি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া শিক্ষা উপমন্ত্রীকে ‘গুন্ডা, উন্মাদ’ বলেছেন। এসব মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
শাহরিয়ার প্রথম আলোকে বলেন, তাঁর সংগঠন ও নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য করায় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করেছেন।
মামলার বিষয়ে ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক প্রথম আলোকে বলেন, এ সরকার দীর্ঘদিন ধরে বিরোধীদের দমন করতে মামলা দিচ্ছে। হয়রানি করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি কালো আইনকে ব্যবহার করছে। এই আইন সংশোধনের কথা থাকলেও, সরকার তা করেনি। ফলে মামলা নিয়ে তিনি ভীত নন।