চট্টগ্রামে নির্জন পাহাড়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আকবর শাহ থানার মীর আউলিয়া মাজার এলাকার পেছনের পাহাড়ে একটি খালি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তরুণীর বাড়ি কুমিল্লায়। পরিবারের সঙ্গে অভিমান করে শনিবার সকালে তিনি চট্টগ্রামে আসেন। দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম বলেন, তিন যুবক ধর্ষণে জড়িত বলে জানিয়েছেন ওই তরুণী। এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।