মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্স

চলছে চিঠি চালাচালি, বাড়তি খরচ রোগীদের

একটি এক্স-রে মেশিন মেরামত করতে মন্ত্রণালয়ে সাত থেকে আটবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দুই বছরেও বরাদ্দ মেলেনি।

দুই বছর ধরে পড়ে আছে এক্স-রে যন্ত্রটি। সম্প্রতি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিন প্রায় দুই বছর ধরে বিকল। এতে সরকার নির্ধারিত খরচে এক্স-রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এক্স-রে করাতে বেশি টাকা খরচ করতে হচ্ছে রোগীদের। কয়েকজন রোগী জানিয়েছেন, এর পরিমাণ আট শ থেকে নয় শ টাকা। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করাতে সরকার নির্ধারিত ফি ৭০ টাকা।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক্স-রে মেশিনটি মেরামতে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নেয়নি। আবার নতুন মেশিন বরাদ্দও দেয়নি।

২০১৫ সালে অ্যানালগ পদ্ধতির ওই এক্স-রে মেশিন বরাদ্দ দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। পরের বছর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এটি চালু হয়। কিন্তু ২০২০ সালের ২০ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, মেশিনটি সচল করতে টেকনিশিয়ান চেয়ে দুই বছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে সাত থেকে আটবার চিঠি পাঠানো হয়েছে। সর্বশেষ গত ২৩ জানুয়ারি মেশিনটি মেরামত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লিটন বৈদ্য নামের একজন টেকনিশিয়ান আসেন। তিনি ওই মেশিন ঠিক করতে কিছু খুচরা যন্ত্রপাতি কেনার পরামর্শ দেন। পরে যন্ত্রপাতি কেনার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সে বরাদ্দ আসেনি।

সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সটির পুরোনো ভবন ঘুরে দেখা যায়, সেখানকার দোতলার একটি কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ। কক্ষটির ওপরে লাল অক্ষরে লেখা ‘এক্স-রে রুম’। দরজা খুলে দেখা যায়, এক্স-রে মেশিনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জমে আছে ধুলাবালু। কক্ষটির ভেতরের এক পাশে লাল রঙের কম্বলের স্তূপ, ভেতরে দুর্গন্ধ। বাইরে কিছু লোক এক্স-রে করাতে এসে ফিরে যাচ্ছেন।

উপজেলার বরদিয়া এলাকার দুলাল প্রধান বলেন, ঘরের মেঝেতে পড়ে তাঁর স্ত্রীর পা ভেঙে যায়। এক্স-রে করাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন, এখানকার এক্স-রে মেশিনটি নষ্ট। পরে পাশের একটি ক্লিনিকে গিয়ে নয় শ টাকায় এক্স-রে করিয়েছেন।

এক্স-রে মেশিনটি পরিচালনার দায়িত্বে থাকা ওই স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) জাহাঙ্গীর আলম বলেন, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় মেশিনটি ঠিক করার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এ পর্যন্ত বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছে। কাজের কাজ হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজীব কিশোর বণিক বলেন, এটি অল্প সময়েই সচল হবে। এ ছাড়া নতুন একটি ডিজিটাল এক্স-রে মেশিনের বরাদ্দ চাওয়া হয়েছে। নতুন মেশিনটি এলে সমস্যার সমাধান হবে।