
জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কের গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ী এলাকায় একটি বাসের কর্মীদের ধাক্কায় মো. সায়েম নামের এক তরুণ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. সায়েম ময়মনসিংহের নান্দাইলের আওলাপাড়ার আবু ছাইদের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার সকালে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক সফিকুল ইসলাম (২৬)। চালকের সহকারী মো. হিরা মিয়া (২৭)। সফিকুল নীলফামারীর কিশোরগঞ্জের কুঠিপাড়ার আবদুর মাহমুদের ছেলে। আর হিরা নেত্রকোনার মোহনগঞ্জ থানার মাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আবু ছাইদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে বাসটি চালাচ্ছিলেন। এ ছাড়া সড়কে বাসটি চলার জন্য রোড পারমিটও ছিল না।
গাজীপুর শহরের কয়েকজন বাসিন্দা জানান, ওই বাস চালুর পর থেকেই বাসচালক ও তাঁর সহযোগীরা বেপরোয়া। তাঁরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, বেশি ভাড়া আদায় করেন। প্রতিবাদ করলেই লাঞ্চিত করেন। শিববাড়ী-রাজবাড়ী সড়কে ৪০টি বাসের অনুমতি আছে, কিন্তু চলে প্রায় ২৫০টি। এসব বিষয় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়েছে। কিন্তু প্রতিকারের কেউ নেই।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাসটি গতকাল বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। ওই বাসে ওঠেন সায়েম। পথে ভাড়া নিয়ে ভাড়া আদায়কারী (কন্ডাক্টর) ও চালকের সহকারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। বাসটি শিববাড়ী এলাকায় পৌঁছালে ভাড়া আদায়কারী ও চালকের সহকারী সায়েমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে সায়েম ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থালেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ সায়েমের তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসচালক সফিকুল ও তাঁর সহকারী হিরাকে আটক করে পুলিশে দেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সায়েমকে বাস থেকে ধাক্কা দিলে সে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বাসটিও জব্দ করা হয়েছে।