
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পৃথক দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন রাজশাহী পুঠিয়া উপজেলার তাহেরপুরের মোহাম্মদ রায়হানের মেয়ে সামিয়া সিফা (৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের আবদুর রশিদ (৬৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বালিকাপাড়া মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় সামিয়া সিফা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশা করে নিজ বাড়ি থেকে খাসের হাটে বাজারে আসাছিলেন আবদুর রশিদ। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি।