
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. নোমান (৭) নামের এক শিশু চেঙ্গী নদীতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নোমান উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নোমানের মা নূর বানু বলেন, ‘গতকাল দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর নোমান বাড়িতে ফিরেনি। প্রথমে ভেবেছিলাম, গ্রামের কোথাও খেলাধুলা করছে। পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা আসে। কিন্তু ছেলে বাড়িতে ফিরছিল না। এলাকায় খোঁজ করেও ছেলেকে পাওয়া যায়নি।’
স্থানীয় লোকজন বলেন, কোথাও নোমানকে না পেয়ে ধারণা করা হয়, সে চেঙ্গী নদীতে ডুবে গেছে হয়তো। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত নয়টার দিকে আসে। কিন্তু ডুবুরি না থাকায় ও রাত বেশি হওয়ায় তারা চেঙ্গী নদীতে পরের দিন খোঁজ নেবে জানিয়ে চলে যায়। পরে এলাকাবাসী নোমানকে খুঁজতে চেঙ্গী নদীতে নামেন। রাত একটার দিকে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম এ খবরের সত্যতা নিশ্চিত করেন।