কুমিল্লা-৭ আসনে উপনির্বাচন

ছয়জনের মনোনয়নপত্র সংগ্রহ, কাল জমাদানের শেষ দিন

নির্বাচন
প্রতীকী ছবি

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচনে আজ রোববার পর্যন্ত ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের দুজন, জাতীয় পার্টির একজন, ন্যাপের একজন ও স্বতন্ত্র দুজন রয়েছেন। কাল সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। আগামী ৭ অক্টোবর ওই নির্বাচন হবে।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রাণ গোপাল দত্ত, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত সাংসদ আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ, জাতীয় পার্টির প্রার্থী কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. লুত্ফর রেজা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলার বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের মাওলানা সালেহ সিদ্দিকী ও হারং এলাকার আবুল কাশেম ভূঁইয়া।

স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী গত শনিবার বেলা দুইটায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। আজ সোমবার বেলা তিনটার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ন্যাপের তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তাঁরা।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের সাংসদ মো. আলী আশরাফ মারা যান। শূন্য ওই আসনে উপনির্বাচনের জন্য ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন। ওই নির্বাচনে অংশ নেওয়ার জন্য রোববার পর্যন্ত ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাল সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রত্যাহার ও ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৭ অক্টোবর ইভিএমে ভোট হবে।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, কুমিল্লা–৭ আসনে ভোটার ২ লাখ ৭৪ হাজার ৫৪। মোট ৮৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।

এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট অংশ নিচ্ছে না। নির্বাচনে ২০–দলীয় জোটের অন্যতম নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও এই আসনের চারবারের সাংসদ রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা এই  নির্বাচনে যাচ্ছি না।’