
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির নতুন যে জিপিএ নির্ধারণ করা হয়েছে, তা বাতিল করে আগের জিপিএ বহাল রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে আজ শনিবার বেলা ১১টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্টে এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সমাবেশে বক্তারা বলেন, বিগত বছরগুলোয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা জিপিএ ২ দশমিক শূন্য ছিল। এবার ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তিতে হঠাৎ করেই তা বাড়িয়ে মানবিক বিভাগের জন্য এসএসসিতে জিপিএ ৩ দশমিক ৫ এবং এইচএসসিতে ৩ দশমিক শূন্য করা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসিতে ও এইচএসসি দুটিতেই ভর্তির যোগ্যতা জিপিএ ৩ দশমিক ৫ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, প্রতিবছর প্রায় ১০ লাখের বেশি শিক্ষার্থী উচ্চমাধ্যমিক স্তর পার করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আসন সংকুলান না হওয়ায় উচ্চশিক্ষার জগতে প্রবেশের জন্য তাঁদের আশ্রয়স্থল হিসেবে সর্বাগ্রে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু জিপিএর বৃদ্ধির মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষার্থীদের জন্য সেই দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাঁরা আরও বলেন, একদিকে উচ্চশিক্ষায় পর্যাপ্ত আসন নেই, অন্যদিকে জাতীয় বাজেটে খুবই নগণ্য হারে বরাদ্দ দেওয়া হয় শিক্ষা খাতে। দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বাজেট বরাদ্দের দাবি থাকলেও তা প্রতিবছর ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এটা সরকারের শিক্ষা সংকোচন নীতিরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অসৎ উদ্দেশ্যে এই নিয়ম করা হয়েছে। এটা কোনো মান ঠিক রাখার উদ্যোগ নয়, এটি একটি ছাঁটাই প্রক্রিয়া, যা ক্রমশ আরও আগ্রাসী হবে।
সমাবেশে তাঁরা আরও বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে যুক্তি দিলেও এটা গরিব ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য এক ধরনের প্রহসন। শিক্ষা ব্যবস্থায় ধনী-গরিব, গ্রাম-শহর, নারী-পুরুষ বৈষম্য চালু রেখে, পর্যাপ্ত মানসম্মত শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি না করে বাণিজ্যিকীকরণ অব্যাহত রেখে শুধু গ্রেড পয়েন্ট কম থাকার অজুহাত দেখিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অসৎ উদ্দেশ্যে এই নিয়ম করা হয়েছে। এটা কোনো মান ঠিক রাখার উদ্যোগ নয়, এটি একটি ছাঁটাই প্রক্রিয়া, যা ক্রমশ আরও আগ্রাসী হবে।
ছাত্র নেতারা বলেন, প্রতিবছর সব বিশ্ববিদ্যালয়ের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু করে শিক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তির মধ্যে ফেলা হয় এবং তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। তাঁরা এই ধরনের ভর্তিবাণিজ্য ও মুনাফালোভী পদক্ষেপ বন্ধের আহ্বান জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএম কলেজ শাখার সংগঠক বিজন সিকদার, সদস্য রেজওয়ান রেজা, মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের, সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক সিফাত আকন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।