জলবায়ু নিয়ে সিডিপির গবেষণা

জীবিকার উৎস হারানোর শঙ্কায় ৯১% পরিবার

জলবায়ু ঝুঁকি নিরূপণের জন্য গত বছরের সেপ্টেম্বরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ওই জরিপ চালানো হয়।

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। একের পর এক দুর্যোগ আঘাত হানছে উপকূলীয় এলাকায়। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার ৯০ দশমিক ৯০ শতাংশ পরিবার জীবিকার উৎস হারানোর শঙ্কায় থাকে। নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা বৃদ্ধি, জলোচ্ছ্বাস জীবিকার উৎস হারানোর অন্যতম কারণ। এ ছাড়া জলবায়ুর প্রভাবে প্রায় ৯০ শতাংশ পরিবারে স্বাস্থ্যহানি ও ৮০ শতাংশ পরিবার খাবার পানির সমস্যায় ভুগছে।

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) পরিচালিত এক গবেষণা জরিপে এসব তথ্য উঠে এসেছে। জলবায়ু ঝুঁকি নিরূপণের জন্য ওই গবেষণা জরিপ চালানো হয়। গত বছরের সেপ্টেম্বরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ওই জরিপ চালানো হয়। খুলনা নগরের ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের ২টি বস্তি এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৪টি গ্রামের ৬৩১টি পরিবারসহ ৮৩০টি পরিবারকে নিয়ে জরিপটি করা হয়। সম্প্রতি ওই জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সিডিপির খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, মূলত দুটি উদ্দেশ্য নিয়ে জরিপটি করা হয়। এর একটি হলো জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের ঝুঁকি চিহ্নিত করা; অন্যটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে কীভাবে টিকে থাকা যায়, সে বিষয়গুলো তুলে আনা। জরিপ চালানো এলাকাগুলোর মানুষ সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও এর প্রভাবে ক্ষতির শিকার হয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার অনেক মানুষ সব কিছু হারিয়ে উদ্বাস্তু হয়ে এসব এলাকায় আশ্রয় নিয়েছেন।

এস এম ইকবাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপদাপন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ ১৯১টি জলবায়ুজনিত দুর্যোগ আঘাত হেনেছে। এসব দুর্যোগ মোকাবিলায় সবার আগে প্রয়োজন দুর্যোগপ্রবণ এলাকাগুলোর মানুষের মধ্যে দুর্যোগ সক্ষমতা বৃদ্ধি করা। এ জন্য প্রয়োজন পদ্ধতিগতভাবে ঝুঁকি নিরূপণ করা।

জরিপের ফলাফলে থেকে দেখা গেছে, উপকূলীয় এলাকার প্রায় ৯১ শতাংশ পরিবার সব সময় নিজেদের আয়ের উৎস নিয়ে উদ্বিগ্ন থাকে। গ্রামগুলোর ৩২ শতাংশ পরিবার ভূমিহীন। ১১ শতাংশের বেশি পরিবার নিয়মিত তিন বেলা খাবারের ব্যবস্থা করতে পারে না। ৩০ দশমিক ৪ শতাংশ পরিবারের আয় পুরোপুরি অনিয়মিত। ৩৮ দশমিক ৮ শতাংশ পরিবারে প্রয়োজনীয় খাদ্য মজুদ থাকে না। শিক্ষার দিক দিয়ে এখনো গ্রামগুলো যথেষ্ট পিছিয়ে আছে। ১৭ দশমিক ১ শতাংশ নিরক্ষর। শুধু স্বাক্ষর করতে পারে ১৯ দশমিক ৫ শতাংশ মানুষ। অন্যদিকে বস্তিতে নিরক্ষরতার হার ২৩ দশমিক ৬ শতাংশ ও সাক্ষরতার হার ৩২ দশমিক ৯ শতাংশ।

শহরের তুলনায় গ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। গ্রামের প্রায় তিন-চতুর্থাংশ (৭১ দশমিক ২ শতাংশ) পরিবার উচ্চ ঝুঁকিতে থাকে। আর শহরের ২৮ দশমিক ৮ শতাংশ পরিবার থাকে মাঝারি মাত্রার ঝুঁকিতে।

জরিপের তথ্যানুযায়ী, ৬১ দশমিক ৯ শতাংশ পরিবার ভূমিহীন হওয়ায় বস্তিতে বসবাস করছে। তারা জীবিকার সন্ধানে, প্রাকৃতিক দুর্যোগে সহায়সম্বল হারিয়ে ও দরিদ্রতার কারণে বিভিন্ন জায়গা থেকে উদ্বাস্তু হয়ে বস্তিতে এসেছে।

ওই গবেষণা প্রতিবেদনে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি হ্রাসে ৯ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। সুপারিশগুলো হলো বিনা সুদে ও দীর্ঘমেয়াদি কিস্তিতে গৃহ ঋণের ব্যবস্থা করা, যাতে খানার অবকাঠামো জলবায়ু সহিষ্ণু করা যায়, নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, সুন্দরবন বন বিভাগের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।