ঝালকাঠিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৬

পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামসহ শ্রমিকদের নিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। শনিবার রাতে ঝালকাটির রাজাপুরে
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজারসহ এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত আরও ১৬ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর বাঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মৃত আবদুল মজিদ খানের ছেলে বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন ওরফে দুলাল খান (৫৭) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)।

বাসের সুপারভাইজার ছরোয়ার হোসেনের মৃত্যু হয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর। গুরুতর আহত যাত্রী নুরবানুকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামের পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল উত্তর বাঘরী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামসহ শ্রমিকদের নিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ২ জন নিহত ও ১৬ জন আহত হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আহত ১৬ জনের মধ্যে ৭ জনকে ভর্তি রেখে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, গুরুতর আহত ব্যক্তিদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু আহত ব্যক্তিদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।