ঝিনাইদহে দুই ইউপিতে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীদের জয়

আশরাফ হোসেন ও আবু সাঈদ বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের হারিয়ে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। পাগলা কানাই ইউপিতে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ বিশ্বাস। সুরাট ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মো. আশরাফ হোসেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আবু ছালেক জানান, পাগলা কানাই ইউপিতে মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু সাঈদ বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আতাউর রহমান পেয়েছেন ৩ হাজার ৯০৬ ভোট। সুরাট ইউপিতে আনারস প্রতীক নিয়ে আশরাফ হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন পেয়েছেন ৩ হাজার ৯০৪ ভোট।

দীর্ঘ ১১ বছর পর আজ বুধবার ঝিনাইদহের দুটি ইউপির ভোট অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতা নিয়ে মামলা নিষ্পত্তির পর ইভিএমে নির্বাচনের আয়োজন করা হয়।