ঝিনাইদহে সদস্যপদে জয় পেলেন হিজড়া

ঝিনাইদহের শৈলকূপায় ইউপি সদস্য হিসেবে জয়ী হয়েছেন শম্পা খাতুন পপি
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের শৈলকুপায় সদস্যপদে একজন হিজড়া প্রার্থী নির্বাচিত হয়েছেন। শম্পা খাতুন পপি নামের এই প্রার্থী উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।

শম্পা খাতুন হেলিকপ্টার প্রতীক নিয়ে ২ হাজার ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাবিয়া খাতুন সূর্যমুখী প্রতীক নিয়ে ৫১৪ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শম্পা খাতুন বলেন, ফুলহরি গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর সংসার করা হয়নি। মাঝেমধ্যে এই গ্রামে আসেন এবং এই ইউনিয়নের ভোটার। তা ছাড়া করোনাকালে তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। এলাকার সাধারণ মানুষই তাঁকে নির্বাচনে অংশ নিতে বলেন। সেভাবেই তাঁর নির্বাচনে অংশ নেওয়া। মানুষ যে আশা নিয়ে তাঁকে ভোট দিয়েছেন, সেই আশা পূরণে তিনি কাজ করে যাবেন বলে জানান।

প্রসঙ্গত, এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউপিতে চেয়ারম্যান পদে হিজড়া নজরুল ইসলাম ঋতু নির্বাচিত হন।