
ঢাকার সাভারে আজ শুক্রবার ছুটির দিনে তিনটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। টিকা পেতে ভোর পাঁচটা থেকে সকাল নয়টার মধ্যে কেন্দ্রগুলোতে উপস্থিত হন কয়েক হাজার টিকাপ্রত্যাশী। তবে সকাল নয়টা থেকে টিকা দেওয়া শুরু হলে এক ঘণ্টার মধ্যেই একটি স্থান প্রায় ফাঁকা হয়ে যায়। নারীদের জন্য সাভারের অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ৩০টি বুথ রয়েছে।
সাভার উপজেলার ৯টি কেন্দ্রের ১০৩টি বুথে করোনার টিকাদান কার্যক্রম চলছে। তবে শুক্রবার ছুটির দিনে শুধু তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হয়। এ কারণে কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কেন্দ্র তিনটি হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার পৌরসভা ও আশুলিয়ার বাংলাদেশ–কোরিয়া মৈত্রী হাসপাতাল।
আজ সকাল ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন টিকা নিতে আসা পাঁচ শতাধিক পুরুষ। সাভার পৌরসভা ও অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়েও এমন ভিড় ছিল। সকাল ১০টার দিকে নারীদের কেন্দ্রটি অনেকটাই ফাঁকা হয়ে গেলেও পুরুষদের কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে টিকাদানকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কেন্দ্রগুলোতে দেখা যায়নি।
আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে টিকা নিতে অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ে ভোর পাঁচটায় এসেছিলেন মুন্নি আক্তার নামের এক নারী। তাঁর ধারণা ছিল, টিকা পেতে অনেক দেরি হবে, তাই চার ঘণ্টা আগেই কেন্দ্রে আসেন তিনি। মুন্নি আক্তার প্রথম আলোকে বলেন, ‘আগে লাইনে দাঁড়ানোর জন্য পাঁচটার দিকে আসছি। শেষ পর্যন্ত দ্রুতই টিকা পেয়েছি, তাই ভালো লাগছে।’
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার টিকাগ্রহণকারীদের সংখ্যা বেশি। তবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম চলছে। টিকার কোনো ঘাটতি নেই। বেলা আড়াইটা পর্যন্ত টিক দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামীকাল শনিবার সাভারের ১২টি ইউনিয়নের প্রতিটিতে ১টি করে কেন্দ্রে টিকা দেওয়া হবে।