টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে নয়াপাড়া রেজিস্টার্ড শিবির থেকে গ্রেপ্তার করা হয়।

ওই তরুণের নাম মো. আলম ওরফে লাল (২৫)। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের ৬৭৭-১ শেডের বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন জানায়, গতকাল রাতে এপিবিএনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে। এ সময় ওই তরুণের কাছ থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র (এলজি) ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁকে থানা–পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ওই রোহিঙ্গা তরুণকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।