
মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। টেকনাফ–২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। আটক দুইজন হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মৃত কাদের বকশের ছেলে আবদুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আবদুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)।
বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে টেকনাফ ব্যাটালিয়নের হ্নীলার এমজি ব্যাংকার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে তথ্য পায় বিজিবি। এরপর ওই এলাকার বেড়িবাঁধে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি দল। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাঁচ ব্যক্তিকে নাফ নদী সাঁতরে মিয়ানমারের জলসীমানার শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে দলটি।
তাৎক্ষণিকভাবে তাঁদের চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। এ সময় চোরাকারবারিরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। টহল দল ধাওয়া দিয়ে আবদুর রহমান ও মোহাম্মদ নুর নামের দুইজন চোরাকারবারিকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যান। এরপর চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তায় তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
সূত্র আরও জানায়, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ নুরের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে বিজিবির বিশেষ টহল দল হ্নীলার শ্মশানঘাট এলাকার বেড়িবাঁধে পরিত্যক্ত ঝুপড়ি ঘরের পাশে লুকিয়ে রাখা আরেকটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এরপর এর ভেতরে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার মূল্যের ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলা পাওয়ার পর আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান।