নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে অযৌক্তিক বাস ভাড়া কমানোর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার সকালে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে
নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে অযৌক্তিক বাস ভাড়া কমানোর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার সকালে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া না কমালে আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া না কমালে কঠোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সংগঠনের নেতারা বলেছেন, পরিবহনের গডফাদারকে লাভবান করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৩৬ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। পরিবহন সিন্ডিকেট প্রশাসনের সহায়তায় সাধারণ বাসমালিকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করছে। সঠিক দূরত্ব মেপে রুটের বাসভাড়া নির্ধারণ করতে হবে।

শনিবার সকালে নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে অযৌক্তিকভাবে বাড়ানো বাসভাড়া কমানোর দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। সভায় বক্তারা বলেন, সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে ভাড়া কমানোর দাবিতে কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। এই রুটে বিআরটিসি নন-এসি বাসের সংখ্যা বৃদ্ধি ও এসি বাস চালুর দাবিও জানান তাঁরা।

ওই সভায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বক্তব্যে বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার পরিবহনমালিকদের পক্ষ অবলম্বন করেছে। ১২ দিন আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেলে প্রতিদিন সরকারকে ২০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে দাম বাড়ায়। অথচ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় ২০১৪ সাল থেকে গত মে মাস পর্যন্ত সাত বছরে ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। সে সময় দেশে তেলের দাম কমাতে বলায় বিপিসি বলেছিল, যেকোনো সময় দাম বাড়তে পারে। মুনাফার এই টাকা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। ২০ কোটি টাকা করে প্রতিদিন সেই তহবিল থেকে যদি ভর্তুকি দেওয়া হয়, তাহলে তেলের দাম না বাড়িয়ে ২ হাজার ১৫৬ দিন (৫ বছর ১১ মাস) ভর্তুকি দেওয়া যায়।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি আরও বলেন, ‘সরকার জ্বালানি তেল আমদানি থেকে বছরে কর আদায় করছে ৯ হাজার কোটি টাকা, যা দিনপ্রতি দাঁড়ায় ২৪ কোটি ৬৫ লাখ টাকা। প্রতিদিনের এই কর থেকে ২০ কোটি টাকা ছাড় দিয়ে ৪ কোটি ৬৫ লাখ টাকা কর নিলে সরকারের ভর্তুকি বা লোকসানের এ অজুহাত থাকে না। ভারত তাদের কর কমিয়ে তা সমন্বয় করেছে। কিন্তু আমাদের পরিবহনমালিকবান্ধব সরকার সে পথে যায়নি। তারা জনগণকে বলির পাঁঠা বানিয়েছে।’ তিনি বলেন, নারায়ণগঞ্জে চিহ্নিত মাফিয়া চক্র সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমতো পরিবহনভাড়া বাড়িয়ে নেয়।

রফিউর রাব্বি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় ২০১৪ সাল থেকে গত মে মাস পর্যন্ত সাত বছরে ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। সে সময় দেশে তেলের দাম কমাতে বলায় বিপিসি বলেছিল, যেকোনো সময় দাম বাড়তে পারে। মুনাফার এই টাকা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। ২০ কোটি টাকা করে প্রতিদিন সেই তহবিল থেকে যদি ভর্তুকি দেওয়া হয়, তাহলে তেলের দাম না বাড়িয়ে ২ হাজার ১৫৬ দিন (৫ বছর ১১ মাস) ভর্তুকি দেওয়া যায়।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে সাধারণ জনগণের ওপর জুলুম করা হচ্ছে। দ্রুত বর্ধিত ভাড়া কমাতে হবে।

বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস বলেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তিন দিন ধরে পরিবহনমালিকেরা যেভাবে লুটপাট চালালেন, সেই টাকার কী হলো?

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ বলেন, গডফাদারকে খুশি করতে বাসভাড়া বাড়ানো হয়েছে। গডফাদারের পরিবহন সিন্ডিকেট চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, বিআরটিসি ৩০ টাকা ভাড়ায় লাভ করছে। অথচ এই রুটের উৎসব ও বন্ধন বাসমালিকেরা দাবি করেন, তাঁদের লোকসান হচ্ছে। কারণ, তাঁদের গডফাদারকে চাঁদা দিতে হয়, বিআরটিসির চাঁদা দিতে হয় না।

ওয়ার্কার্স পার্টি জেলার সম্পাদক হিমাংশু সাহা বলেন, বন্ধন পরিবহন থেকে প্রতি মাসে ১৮ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। সাধারণ পরিবহনমালিকেরা বলেছেন, কাউকে চাঁদা না দিলে তাঁরা ২২ টাকা ভাড়ায় যাত্রী বহন করতে পারেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, গডফাদারদের দখল ও চাঁদাবাজি প্রক্রিয়ায় বাধা দেওয়াতে ত্বকী হত্যার ঘটনা ঘটেছে। এখন মানুষ গডফাদার অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পায় না।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর বলেন, সঠিক ভাড়া নির্ণয় করতে হবে। বাড়তি ভাড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এর সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সামাজিক সংগঠন সমমনার সভাপতি দুলাল সাহা, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।