’৯০-এর গণ-আন্দোলনে ঝিনাইদহে সক্রিয় ছিলেন এম এ মজিদ আর আবদুল মজিদ বিশ্বাস।

আজ শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে বলে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। সব ছাপিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনায় ‘দুই মজিদ’। সভাপতি ও সাধারণ পদে মজিদ নামের দুজনকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে।
ইতিমধ্যে সভাপতি পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম এ মজিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনিই কেবল এ পদে সময়সীমার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এম এ মজিদ দলে ও স্থানীয়ভাবে ‘বড় মজিদ’ হিসেবে পরিচিত।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন। তার মধ্যে পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ বিশ্বাস রয়েছেন, যিনি স্থানীয়ভাবে ‘ছোট মজিদ’ হিসেবে পরিচিত।
’৯০-এর গণ-আন্দোলনে ঝিনাইদহে সক্রিয় ছিলেন এম এ মজিদ আর আবদুল মজিদ বিশ্বাস। ১৯৮৯ সালে তৎকালীন ছাত্রদলের সম্মেলনে এই দুই মজিদের নাম আলোচিত ছিল। পৌর পার্কের মাঠে তিন দশক আগে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রয়াত নেতা মীর শওকত আলী। আর প্রধান বক্তা ছিলেন ওই সময়ের ছাত্রনেতা ফজলুল হক। সব জল্পনার অবসান ঘটিয়ে ওই সময়ের বিএনপি নেতা মরহুম এবাদত হোসেন মণ্ডলের বাসায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে এম এ মজিদ ওরফে বড় মজিদ জেলা ছাত্রদলের সভাপতি, আর আবদুল মজিদ বিশ্বাস ওরফে ছোট মজিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এবার জেলা বিএনপির কমিটিতে সেই দুই মজিদ লড়াই করছেন। একজন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অন্যজন ভোটের লড়াই চালিয়ে যাচ্ছেন। যা নির্ধারিত হবে আজ ব্যালটের মাধ্যমে।
সাধারণ সম্পাদক পদে অন্য দুই প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলিম। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে তিনি প্রত্যাহার করেন। গত বুধবার ছিল প্রত্যাহারের শেষ দিন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির আহ্বায়ক সাজেদুর রহমান এবং কেসি কলেজের সাবেক জিএস ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী।
আজ ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন চলাকালে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ–তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান, আবদুল ওহাব, শাহানা রহমান, মীর রবিউল ইসলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু সাঈদ প্রমুখ।