
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে আদালতের বিচারক হেলাল উদ্দিন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী সঞ্জীব কুমার সরকার আদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। দুদকের মামলায় গোলাম সওরয়ার ছাড়াও তাঁর তিন ছেলেকেও আসামি করা হয়। তাঁরা সবাই পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, গোলাম সরওয়ার ও তাঁর তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হকের বিরুদ্ধে ময়মনসিংহের বিশেষ জজ আদালতে ২৯ মে মামলা করে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ওসি গোলাম সরওয়ার ও তাঁর তিন ছেলের ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, গোলাম সরওয়ার পুলিশ কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ও ভালুকা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। ময়মনসিংহ নগরীর নয়াপাড়া এলাকার দশতলা একটি ভবনের ১২টি ফ্ল্যাট আছে তাঁর। এ ছাড়া ঢাকায়ও তাঁর বাড়ি রয়েছে।