দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে বের হয়ে প্রাণ গেল শ্যালকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলার মমিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম সেলিম হোসেন (১৮)। তিনি উপজেলার জগন্নাথপুর কলেজপাড়া এলাকার মৃত ময়েনউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের খাওয়া শেষে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে হেয়াতপুর বাজারের উদ্দেশে বের হন। মমিন মোড়ের সামনে ইটভাটার রাস্তায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত তরুণের মাথায় আঘাত লেগেছে। তাঁর মাথায় হেলমেট ছিল না। আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।