ধর্ষণে ব্যর্থ হয়ে যশোরের চৌগাছা এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেছেন রাজু হোসেন। ওই কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার রাজু হোসেন বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন। বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
নিহত কিশোরের (১৭) বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। রাজু হোসেন পেশায় মাইক্রোবাসের চালক। তাঁর বাড়ি চৌগাছা উপজেলার বহিলাপোতা গ্রামে। ১৩ জুন সকালে চৌগাছা উপজেলার কপোতাক্ষ নদের উত্তরপাড়ের জলকরমাধবপুর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় মিরাজ হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহত কিশোরের বাবা বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা করেন।
পিবিআইয়ের যশোর কার্যালয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গত মঙ্গলবার দুপুরে চৌগাছা পৌরসভাসংলগ্ন বটতলা মোড় এলাকা থেকে রাজু হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, মুঠোফোনের সিম কার্ড ও মাইক্রোবাস আলামত হিসেবে জব্দ করা হয়।
অভিযুক্ত রাজু হোসেনের বরাত দিয়ে রেশমা শারমিন বলেন, রাজু পেশায় মাইক্রোবাসের চালক। ১২ জুন রাতে ফোন করে ওই কিশোরকে তাঁর বাড়ির সামনে ডেকে নেন রাজু। সেখানে মাইক্রোবাস রেখে দুজন বসে মুঠোফোনে ভিডিও গান দেখেন। একপর্যায়ে রাত গভীর হলে ওই কিশোরকে ধর্ষণের চেষ্টা করেন রাজু হোসেন। বিষয়টি বুঝতে পেরে ওই কিশোর গাড়ি থেকে নেমে যায়। তখন রাজু এমন কাজ করবেন না বলে বুঝিয়ে ওই কিশোরকে আবার মাইক্রোবাসে উঠিয়ে ফোনে ভিডিও দেখতে দেন।
একপর্যায়ে ঘুম আসছে বলে মাইক্রোবাসের পেছনের আসনে গিয়ে শুয়ে পড়ে ওই কিশোর। পরে রাজু সেখানে গিয়ে ওই কিশোরকে ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। তখন রাজু ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। পরে রাজু তার লাশটি বস্তায় ভরে কপোতাক্ষ নদের উত্তরপাড়ে জলকরমাধবপুর এলাকায় পানিতে ফেলে দেন। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) সালমান আহমেদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত রাজু হোসেন। জবানবন্দি রেকর্ড করার পর রাজুকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।