ধান বিক্রি করতে মণপ্রতি দুই কেজি বেশি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা কৃষক উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। বুধবার সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে
ছবি: প্রথম  আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের উৎপাদিত ধান বাজারে বিক্রি করতে মণপ্রতি দুই কেজি বেশি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শতাধিক কৃষক।

উপজেলা কৃষক উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। মণপ্রতি দুই কেজি ধান বেশি নেওয়ার এ পদ্ধতি স্থানীয়ভাবে ‘ঢলতা’ নামে পরিচিত।

মানববন্ধনে কৃষক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ বলেন, ধান বেচতে এলে দুই মণ ধানে চার কেজি বেশি দিতে হয়। কৃষকেরা আড়তদারদের কাছে অসহায়। এ অনিয়ম বর্তমান বাজারে নিয়মে পরিণত হয়েছে। ধান বেচতে এসে কৃষকদের ঠকতে হচ্ছে। এর প্রতিবাদে তাঁরা কৃষকদের নিয়ে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।

ফোরামের সভাপতি মাহমুদুল আহসান বলেন, কৃষকেরা ১ মণ হিসাবে ৪০ কেজি ধান দেবেন। কৃষকের কষ্টে উৎপাদিত ধান কাউকে বেশি দেওয়া চলবে না। ফোরামের পক্ষ থেকে এক সপ্তাহ ধরে কৃষকদের সঙ্গে কথা বলে এ মানববন্ধন করা হয়েছে। যত দিন পর্যন্ত ন্যায্য হিসাবে ব্যবসায়ীরা ধান না কিনবেন, তত দিন পর্যন্ত কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলন চলবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ধান ভেজা থাকলে একরকম দাম হবে, শুকনা থাকলে অন্য রকম হবে। কিন্তু মাপে বেশি নেওয়াটা তো অযৌক্তিক। যেহেতু এ নিয়ে বৈঠক হয়েছে। আবারও আড়তদারদের ডাকা হবে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।