
নরসিংদী সদর হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। নাম-পরিচয় জানতে না পারা ওই ব্যক্তির স্বজনদের খোঁজ পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, গত শুক্রবার ভোরের দিকে কে বা কারা অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা হাসপাতালটির জরুরি বিভাগের বারান্দার সামনে তাঁকে ফেলে চলে যান। অজ্ঞান অবস্থায় সেখানে তাঁকে পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনেরা। পরে তাঁদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সহকারীরা ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তাঁর ব্যবস্থাপত্রে নামের জায়গায় ‘অজ্ঞাত’ ও বয়সের জায়গায় ‘৫৫’ লেখা হয়।
চিকিৎসকেরা বলছেন, শুক্রবার ভোর থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিন দিন হাসপাতালটির পুরুষ ওয়ার্ডের একটি শয্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর হৃদ্রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এ ছাড়া রক্তশূন্যতায় ভুগছিলেন তিনি। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গত তিন দিনে তাঁর খোঁজ নিতে কেউ আসেননি। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী জানান, একটা মানুষ তিন দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেন, অথচ তাঁর খোঁজ নিতে কেউ এলেন না। বিষয়টি খুবই দুঃখজনক। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য নরসিংদী মডেল থানার পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্য বা স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি, তাঁর নাম-পরিচয় আমরা উদ্ধার করতে পারব। যদি কারও খোঁজ না পাওয়া যায়, তবে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।’