নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

নবনির্বাচিত সভাপতি রুহুল আমীন তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুল মালেক শেখ (বাঁ থেকে)
ছবি: সংগৃহীত

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ চারটি পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ সাতটি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩০৬ ভোটারের মধ্যে ২৯৭ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. মুক্তার হোসেন রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী রুহুল আমীন তালুকদার। এই প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোখলেসুর রহমান ও মহিলা সম্পাদক পদে কেয়া পারভীন জয়ী হয়েছেন। এদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে আবদুল মালেক শেখ সাধারণ সম্পাদক, মুনজুরুল আলম জুনিয়র সহসভাপতি, জাহাঙ্গীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আক্তার হোসেন পাঠাগার সম্পাদক, রকিবুল ইসলাম নিরীক্ষণ সম্পাদক, সাধন কুমার দাস সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং সুফী মো. মমতাজ আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল নির্বাচন পর্যবেক্ষণে জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ভোটকেন্দ্রে এসেছিলেন। প্রধান নির্বাচন কমিশনার মো. মুক্তার হোসেন বলেন, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। প্রার্থীরা সবাই এ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।