নান্দাইলে ডিজিটাল জনশুমারিতে নারীদের সরব অংশগ্রহণ

গণনাসংশ্লিষ্ট কর্মীদের সব ধরনের তথ্য দিয়ে গ্রামের নারীরাই সহায়তা করছেন। আজ সকালে নান্দাইলের সকালে উপজেলার মুশুলি ইউনিয়নের মেরেঙ্গা গ্রামে
ছবি: প্রথম আলো

ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার সরকারি কাজে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গ্রামাঞ্চলের নারীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। গণনাসংশ্লিষ্ট কর্মীদের সব ধরনের তথ্য দিয়ে গ্রামের নারীরাই সহায়তা করছেন। কারণ, গণনাসংশ্লিষ্ট কর্মীরা যখন গ্রামের বাড়ি বাড়ি ঘুরছেন, তখন পরিবারের পুরুষ সদস্যরা কাজের জন্য বাইরে থাকেন।

আজ বুধবার সকালে উপজেলার মুশুলি ইউনিয়নের মেরেঙ্গা গ্রামের কয়েকটি পাড়ায় ঘুরে দেখা যায়, নির্দিষ্ট পোশাক পরিহিতি গণনাকর্মীরা হাতে ট্যাব নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। একটি গৃহ জরিপ সম্পন্ন করতে গণনাকারীকে প্রায় ৩৫টি মূল প্রশ্নের সঙ্গে  ১০টির মতো সম্পূরক প্রশ্নের উত্তর পেতে হয়। গ্রামের নারীরা অনায়াসে সব কটি প্রশ্নের উত্তর দিচ্ছেন।

উপজেলার মেরেঙ্গা গ্রামের এক বাড়িতে রাহেলা খাতুন (৬৫) বলেন, ‘সরহার (সরকার) দেশের মাইনষের মাথা গনতাছে। এইডা খুব বালা কাম। আমরার মতো গরিব মাইনষের নাম সরহারের খাতায় থাহলে বিফদে-আফদে সুবিদা-অসুবিদা পাওয়া যাইব। সরহার তো আমারারে সুবিদা ঠিহেই দিতাছে। কিন্তু আমরা হেইডা ঠিকঠাক পাই কি না বুজি না।’

এ সময় বাড়ির একটি নলকূপ দেখিয়ে রাহেলা বলেন সরকারের পক্ষ থেকে তিনি নলকূপটি পেয়েছিলেন। তবে এখন নলকূপটি নষ্ট হয়ে গেছে। সেটি মেরামতের আর্থিক সামর্থ্যও তাঁর নেই। নলকূপের পাশে একটি ফলকে থাকা তথ্যে দেখা যায়, ২০১৭-২০১৮ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি) থেকে নলকূপটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

রাহেলা বিশ্বাস করেন, সরকার তাঁকে ভালো নলকূপ দিয়েছিল। কিন্তু এই প্রকল্পে নিয়োজিত লোকজন তাঁকে মানহীন নলকূপ গছিয়ে দিয়েছেন। তাই রাহেলা অভিযোগ করে বলেন, সরকার মানুষের হিসাব নিচ্ছে ঠিকই। কিন্তু তাঁদের যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকার কোনো খোঁজ নিচ্ছে না। তাই প্রকল্পগুলো খুব বেশি কাজে আসছে না।

গণনাকারী নুরজাহান বলেন, কাজ করতে গিয়ে অনেক সময় তাঁরাও পাল্টা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। গৃহের মালিকেরা তাঁদের কাছ থেকে নানা তথ্য জানতে চান।

একই ইউনিয়নের পালাহার গ্রাম গণনার কাজ করছেন মো. মজিবুর রহমান। তিনি বলেন, গণনার প্রথম প্রহরে যেসব বাড়িতে গিয়েছিলেন সেখানে মাত্র একজন পুরুষের দেখা পেয়েছিলেন। পরে যেসব গৃহ গণনা করেছেন, সব কটিতেই নারীরা তথ্য দিয়ে সহায়তা করেছেন।

মুশুলি এলাকার ৪ নম্বর জোনাল কর্মকর্তা মো. গোলাম ইয়াহিয়া বলেন, জনশুমারি ও গৃহগণনার কাজ সুষ্ঠুভাবে চলছে। একজন গণনাকারীকে প্রতিদিন ৩০টি গৃহ গণনা করতে বলা হয়েছে। ওই জোনের দুজন সুপারভাইজার মো. আল মামুন ও ফখরুল ইসলাম বলেন, গণনাকারীদের কোনো সমস্যা হচ্ছে কি না, তাঁরা সেটা দেখছেন।

নান্দাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ সালাহ উদ্দিন বলেন, ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার কাজের জন্য উপজেলায় ৯২৯ জন গণনাকারী, ১৫৮ জন সুপাভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ১০ জন আঞ্চলিক কর্মকর্তা (জোনাল অফিসার) এসব কাজ তদরকি করছেন।