
নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, বারহাট্টা ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি ধীরগতিতে কমছে। এখনো অনেক ঘরবাড়ি, রাস্তাঘাটে বন্যার পানি থাকায় উপজেলা সদরগুলোর সঙ্গে ইউনিয়নের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। এ কারণে এসব ইউনিয়নে যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলাগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় এলজিইডির আওতাধীন ৫ হাজার ৮৫৩ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে ১ হাজার ৬২৮ কিলোমিটার পিচঢালা পাকা সড়ক রয়েছে। বাকি ৪ হাজার ২২৬ কিলোমিটার সিসি, আরসিসি, মেগাটম, কার্পেটিং ও কাচা সড়ক।
অতিরিক্ত বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ১৬ জুন থেকে সৃষ্ট বন্যায় জেলার ১০টি উপজেলার প্রায় ৪ হাজার কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়। ২১ জুন থেকে পানি কমতে শুরু হলেও এখনো বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭৫০ কিলোমিটার সড়ক পানির নিচে ডুবে আছে। যেসব সড়ক থেকে পানি নেমে গেছে, সেগুলোর অধিকাংশই ব্যবহার করা যাচ্ছে না। কারণ পানির স্রোতে জায়গায় জায়গায় সড়কগুলো ভেঙে গেছে। যেসব সড়ক থেকে পুরোপুরি পানি নামেনি, সেখানে বাধ্য হয়ে মানুষকে যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করতে হচ্ছে।
কলমাকান্দার বড়খাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. হাদিচ্ছুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, বড়খাপনে এখনো চারদিকে শুধু পানি আর পানি। সবকটি সড়কই পানির নিচে। তাই সড়কের ওপর দিয়ে নৌকায় চলাচল করছেন বাসিন্দারা। উপজেলা সদরে যেতে হলে নৌকা ছাড়া কোনো উপায় নেই।
পোগলা ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, তাঁর ইউনিয়নে এখনো ৭০ শতাংশ এলাকায় পানি। প্রচুর ঘরবাড়িসহ রাস্তাঘাট পানির নিচে এখনো তলিয়ে আছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, পানি কমলেও মদনের গোবিন্দশ্রী, ফতেপুর, তিয়োশ্রী ইউনিয়নের ৮৫ ভাগ রাস্তাঘাট পানির নিচে। উপজেলার সঙ্গে ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ আছে। লোকজনকে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
খালিয়াজুরির ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম জানান, খালিয়াজুরি মূলত হাওরাঞ্চল। এখানে বছরের অর্ধেক সময় পানি থাকে। এরপরও কিছু রাস্তাঘাটে ছোট ছোট যানবাহন চলাচল করে। কিন্তু এবারের বন্যায় ছয়টি ইউনিয়নের সব রাস্তাঘাটই পানির নিচে। যাতায়াতের জন্য নৌকার ছাড়া কোনো বাহন নেই। নৌকার চাহিদা থাকায় মানুষ প্রায় প্রতিদিনই ছোট ছোট নৌকা বানাচ্ছে। যাদের সামর্থ্য নেই তারা ভাড়ায় নৌকা নিচ্ছে।
এদিকে সড়কে যানবাহন বন্ধ থাকায় নৌযানে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। মদনের বাগজান গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, ‘আগে বাড়ি থেকে সড়কপথে অটোরিকশা দিয়ে মদন শহরে গেলে ৩০ টাকা ভাড়া দিয়ে যেতে পারতাম। এখন ডিঙি নৌকায় ১৭০ থেকে ২০০ টাকা ভাড়া লাগে। গ্রামের বাজারে পানি থাকায় হাটবাজারসহ প্রয়োজনীয় কাজে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে যেতে হচ্ছে।’
মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল বলেন, বন্যার কারণে যোগাযোগব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। নৌকায় যাতায়াতে বেশি ভাড়া গুনতে হচ্ছে। উপজেলাবাসী সীমাহীন দুর্ভোগে আছে।
নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম শেখ প্রথম আলোকে বলেন, জেলায় বিভিন্ন ইউনিয়নে এখনো প্রায় ৭৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক পানি নিচে। যে সব সড়ক থেকে পানি নেমে গেছে তার মধ্যে ৬৪৪ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০২ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানান তিনি।