
নোয়াখালীর কবিরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাটইয়া ইউনিয়নের চানপুর গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশু দুটি হলো উপজেলার চানপুর গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ওরফে ইমতিয়াজ (৫) এবং একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (৬)। ওই দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তারা পরস্পরের চাচাতো ভাই।
সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের দিকে ওই দুই শিশু বাড়ির পুকুরের পাকা ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।