পঞ্চগড়ে তীব্র শীত, বিপর্যস্ত উত্তরের জনজীবন

শীত জেঁকে বসায় খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। আজ সকালে সদর উপজেলার ঝাকুয়াকালী এলাকায়
ছবি: প্রথম আলো

‘সকালে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, ঠান্ডা বাতাসে হাত-পাও (পা) কোঁকড়া হয়ে আসেছে। তারপরও ভ্যান ধরে বাইর (বাহির) হবা লাগেছে। সংসার তো চালাবা লাগিবে।’

আজ সোমবার সকালে পঞ্চগড় শহরের শিংপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের চালক সলেমান আলীর (৪১) সঙ্গে কথা হয়। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসায় সলেমান আলীর মতো খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। গত কয়েক দিনের ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছিতে। পঞ্চগড়ে গতকাল শেষ রাতে শুরু হওয়া বৃষ্টির মতো কুয়াশার স্থায়িত্ব ছিল আজ সকাল পর্যন্ত। বেলা পৌনে ১১টার দিকে সূর্যের দেখা মিললেও বাতাসের সঙ্গে পেরে উঠছে না রোদের তীব্রতা।

এর আগে গত শনি ও শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে শনিবার সকাল ৯টার দিকে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

দুই দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা সামান্য বাড়লেও রাতভর বাতাস বইতে দেখা যাচ্ছে। শীতের দাপট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল পর্যন্ত ঘন কুয়াশায় থাকায় ছিন্নমূল মানুষদের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সকাল পর্যন্ত ঘন কুয়াশায় থাকায় রাস্তায় মানুষের আনাগোনা কম থাকে

পঞ্চগড় সদর উপজেলার নির্মাণশ্রমিক ওসমান আলী বলেন, সকালে কাজের জন্য যখন বের হন, তখনো কুয়াশা আর ঠান্ডা বাতাস থাকে। এমন আবহাওয়ায় কাজ করতেও বেশ অসুবিধা হয়। এ জন্য অনেকেই দেরি করে কাজে বের হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, উত্তরের হিমেল বাতাসের পাশাপাশি রোদ উঠতে দেরি হওয়ায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। আকাশে কিছুটা মেঘ রয়েছে। এ ছাড়া আকাশের উপরিভাগ ঘন কুয়াশা আর জলীয় বাষ্পে ঢাকা থাকায় সূর্যের আলো দেরিতে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে। আগামী আরও কয়েক দিন এ এলাকায় এ রকম আবহাওয়া থাকতে পারে বলে জানান তিনি।