পঞ্চগড়ে ৫ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ, হিমেল বাতাসে কাবু জনজীবন

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত।
ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা কম থাকায় সকালে ঝলমলে রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন এ জনপদের মানুষ।

আজ রোববার সকাল নয়টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত টানা ৯ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও ৫ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ প্রথম আলোকে জানান, তেঁতুলিয়ায় আকাশে মেঘ আর কুয়াশা কমে গিয়ে উত্তরের বাতাসের দাপট বেড়েছে। সাইবেরিয়া থেকে ভারী শীতল বাতাস তেঁতুলিয়ায় প্রবেশ করায় পাঁচ দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডিসেম্বরের শেষের দিকে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

১৫ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। ২০২০ সালের ১৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেঁতুলিয়ায় কমতে থাকে কুয়াশা। দেখা দেয় ঝলমলে রোদ

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে অতি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

পঞ্চগড়ে দিনের বেলায় কুয়াশা না থাকায় দুপুর পর্যন্ত ঝলমলে রোদ থাকে। এতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তেঁতুলিয়ার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা বলেছেন, হিমালয়ের খুব কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং বিদায়ও নেয় দেরিতে। এমনকি শীত মৌসুমে এ এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে।