
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জুলুরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রণধীর বড়ুয়া (৬৮)। তিনি চন্দনাইশ উপজেলার মৃত হরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে পটিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালকসহ অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হন।
আহত ব্যক্তিদের পটিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইরম আবেদীন বলেন, আহত অবস্থায় সাতজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়।
অন্য আহত ব্যক্তিরা হলেন পটিয়ার কেলিশহর গ্রামের মোহাম্মদ নাঈম (১৭), ধলঘাটের রিমা দে (৫০), কেলিশহর রতনপুরের তাহমিনা (৮), ধলঘাটের পিংকি দে (২৪), বরলিয়ার সাইফুল (৩৮) ও চন্দনাইশের রবি বড়ুয়া (৫৮)। পিংকি ও তাহমিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর আহমদ বলেন, হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।