
ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে আসা একটি বাসের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পথচারী রাহেনুর ইসলামকে (৩০) স্থানীয় লোকজন উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে একটি লোকাল বাস যাত্রী ওঠানামা করছিল। সড়কের এ অংশ পার হতে সেলফি পরিবহনের বাসটি বিপরীত দিকে ঢাকাগামী লেনে চলে আসে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাহেনুর ইসলামকে (৩০) ধাক্কা দেয় সেলফি পরিবহনের বাসটি। এতে রাহেনুর ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এলে বাসটি দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. আশরাফ প্রথম আলোকে বলেন, বাসটি অযথাই উল্টো পথে এসেছিল। বাসটি যে দিক দিয়ে যাচ্ছিল ওই পাশে মাত্র একটি বাস যাত্রীর জন্য দাঁড়ানো ছিল। দাঁড়ানো বাসটি পার হতে ২-৩ মিনিট হয়তো বাসটিকে অপেক্ষা করতে হতো।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা প্রথম আলোকে বলেন, রাহেনুর ইসলামের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চোখে ও মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন এবং বারবার বমি করছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, পথচারীকে ধাক্কা দেওয়ার কোনো ঘটনা এখনো পুলিশকে কেউ অবহিত করেনি। এ ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।