
নৌ পুলিশের সোর্স হিসেবে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে ‘চায়না দুয়ারি’ দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। এতে ছোট-বড় মাছ, জলজ প্রাণী আটকা পড়ে ধ্বংস হচ্ছে। অথচ এই অবৈধ কাজ বন্ধে মৎস্য বিভাগের তেমন কোনো কার্যক্রম নেই।
লোহার রডের তৈরি ছোট গোলাকার ও চতুর্ভুজ আকৃতির সঙ্গে তার দিয়ে ১০০-২০০ ফুট লম্বা কাঠামো তৈরি করা হয়। ছোট ছিদ্রের জাল ঘিরে তৈরি হয় দুয়ারি। পানির নিচে মাটিসমান পুঁতে রাখা হয়। সাধারণত চীনের তৈরি জাল দিয়ে এটি বানানো বলে এর নাম হয়েছে ‘চায়না দুয়ারি’। তিন বছর ধরে গোয়ালন্দে চায়না দুয়ারির ব্যবহার বেড়েছে।
গত শনিবার উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রামে গিয়ে দেখা যায়, পদ্মার বিভিন্ন স্থানে অসংখ্য বাঁশের খুঁটি ও চায়না দুয়ারি পুতে রাখা। এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। নদীর পানিপ্রবাহে বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পাঙাশ মাছের বাচ্চা ও জাটকা ইলিশ ধরা পড়ছে। দেবগ্রাম মুন্সী বাজার এলাকায় নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া রয়েছে। বেড়ার সঙ্গে ঘন সুতিজাল পুঁতে বিভিন্ন ধরনের মাছ শিকার করা হচ্ছে। বেড়ার দুই পাশে অসংখ্য বাঁশের খুঁটি পোঁতা।
নৌকা নিয়ে মাছ ধরছিলেন দুলাল মালত ও জয়নাল শেখ। তাঁদের ৩০টি দুয়ারি রয়েছে। একটি দুয়ারি ২০০ ফুট লম্বা হলে ৩০টি দুয়ারি প্রায় ছয় হাজার ফুট জায়গা দখল করে। তাঁদের মতো অনেকে চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, তাঁরা পুলিশকে ‘ম্যানেজ’ করে চায়না দুয়ারি দিয়ে মাছ ধরেন। স্থানীয় কয়েকজন নৌ পুলিশের সোর্স হিসেবে জেলেদের কাছ থেকে টাকা আদায় করেন। প্রতিটি চায়না দুয়ারি থেকে দু-তিন হাজার টাকা আদায় করা হয়। এ ছাড়া একটি ঘন বেড়জাল থেকে ১০-২০ হাজার টাকা নেওয়া হয়। টাকা দিতে দেরি হলে জেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করেন পুলিশের সদস্যরা।
বর্তমানে জেলেরা দেদার পাঙাশ মাছের বাচ্চা ও জাটকা ইলিশ শিকার করলেও তা বন্ধে মৎস্য বিভাগের তেমন কোনো অভিযান নেই। এই সুযোগে দৌলতদিয়া নৌ ফাঁড়ির এএসআই আবদুল কুদ্দুস, স্পিডবোটচালক কনস্টেবল পারভেজ হোসেনসহ কয়েকজন জাল ও দুয়ারি আটক করেন। পরে তাঁদের সোর্সদের মাধ্যমে টাকা আদায় করে জাল-দুয়ারি ছেড়ে দেন। টাকা দিতে রাজি না হলে জাল, দুয়ারি পুড়িয়ে ফেলা হয় বলে কয়েকজন জেলে অভিযোগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জেলে বলেন, ১০-১২ দিন আগে উড়াকান্দা এলাকায় জেলে মিঠা হালদার, আমিন হালদার ও রহিম হালদারের বেড়জাল পুলিশ আটক করে। পরে দালালের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় জাল ছেড়ে দেওয়া হয়।
নৌ পুলিশের সোর্স হিসেবে পরিচিত গোলাম মওলা ও নাজিমুদ্দিন বলেন, ‘আমরা নদীতে মাছ ধরে খাই। এখানে অনেকের সঙ্গে সখ্য আছে ঠিকই। কিন্তু কারও কাছ থেকে টাকাপয়সা নিয়ে পুলিশকে দেওয়ার অভিযোগ ঠিক নয়।’
অভিযোগ অস্বীকার করে এএসআই আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, ‘হয়তো আমার কেউ ভালো চায় না, তারাই এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন। আমি কখনই একা অভিযানে যাই না। সঙ্গে একজন এসআইসহ অন্তত সাত-আটজন থাকেন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি এই ফাঁড়িতে যোগ দিয়েছি। এ ধরনের অভিযোগ জানা নেই। তবে জেলেরা যদি নির্দিষ্টভাবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, নদীতে চায়না দুয়ারি পুঁতে মাছ শিকার দণ্ডনীয় অপরাধ। দুয়ারিতে শুধু মাছ নয়, জলজ প্রাণী আটকা পড়ে ধ্বংস হচ্ছে। চায়না দুয়ারি ও বাঁশের বেড়া অপসারণে শিগগিরই অভিযান চালানো হবে।