পরিবারে স্বচ্ছলতা ফেরানো হলো না সেন্টু মোল্লার

সেন্টু মোল্লা
সেন্টু মোল্লা

পরিবারে আর্থিক অনটনের কারণে বড় দুশ্চিন্তায় ছিলেন ৫০ বছর বয়সী সেন্টু মোল্লা। তাঁর এক বন্ধু বাসে চালকের সহকারী হিসেবে চাকরি করেন। ওই বন্ধু সেন্টুকে পরামর্শ দেন কিছু দিন তাঁর সঙ্গে থেকে কাজটি রপ্ত করতে। একসময় তাঁকে কোনো একটি বাসে চালকের সহকারীর কাজ পাইয়ে দেবেন। সে আশায় গতকাল শনিবার বন্ধুর সঙ্গে বাসে কাজ শুরু করেন সেন্টু। একদিন না যেতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাঁর।

বরিশালের উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে যে সড়ক দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায়ই সেন্টু মোল্লাসহ ১০ জন প্রাণ হারান। সেন্টু মোল্লার বাড়ি ফরিদপুর নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্রামে।

সেন্টুর লাশ গ্রহণ করতে আসা চাচা ফারুক মোল্লা বলেন, সেন্টু মোল্লা পেশায় একজন রং মিস্ত্রী ছিল। ঢাকায় প্রায় ১০–১২ বছর রং মিস্ত্রীর কাজ করেছেন। করোনা মহামারির সময় কর্মহীন হয়ে পড়ায় বাড়িতে ফিরে আসেন। আর ঢাকায় যাননি। অনেক দিন পর্যন্ত বাড়িতে কর্মহীন হয়ে সময় কাটান। সম্প্রতি সময়ে ধার দেনা করে ও কিছু জমিজমা বিক্রি করে তাঁর বড় ছেলে মুসতাক মোল্লাকে (২৫) সৌদি আরবে পাঠান। সেখানেও ছেলের অবস্থা ভালো না। ভুয়া ভিসায় যাওয়ায় সেখানে সে আত্মগোপনে রয়েছে। এদিকে স্ত্রী নাসিমা বেগমসহ বাড়িতে থাকা তিন সন্তানকে নিয়ে আর্থিক দৈন্যতায় অর্ধাহারে অনাহারে দিন কাটছিল সেন্টুর।

ফারুক আরও বলেন, মানসিক যন্ত্রনায় ভুগছিলেন সেন্টু। কয়েক দিন আগে সেন্টু তাঁর বন্ধু যমুনা পরিবহনের চালকের সহকারী আব্বাস হোসেনকে বিষয়টি জানান। আব্বাস হোসেন তাঁর সঙ্গে বাসে কয়েক দিন থাকার জন্য সেন্টুকে প্রস্তাব দেন। বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে চাকরির আশায় যমুনা পরিবহনে উঠে দুর্ঘটনায় মারা গেল সেন্টু।

সেন্টু মোল্লার স্ত্রী নাসিমা বেগম (৩৭) কাঁদতে কাঁদতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খাই না খাই বাড়িতে ভালই আছিল। ও চাকরির আশায় বন্ধুর লগে গাড়িতে যাইয়া জনমের জন্য চইলা গেল।’ সেন্টু মোল্লার চাচা ফারুক মোল্লা বলেন, নিহত সেন্টু মোল্লার ছেলে সৌদি আরবে ভুয়া ভিসায় গিয়ে আত্মগোপনে কষ্টে রয়েছে। এদিকে তাঁর বাবার মৃত্যু হয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।