
দেশের সাতটি জেলার নয়টি উপজেলায় পরীক্ষামূলকভাবে পরিমিত মাত্রায় সার ব্যবহার করে ফসল উৎপাদনে সুফল পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ‘মাটির পুষ্টি ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রকল্পের আওতায় এ গবেষণা করা হয়।
প্রকল্পের অধীনে রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলার কৃষকেরা গত আমন ও বোরো মৌসুমে গবেষকদের পরামর্শ অনুযায়ী ধান উৎপাদনে পরিমিত মাত্রায় সার ব্যবহার করেন। এতে দেখা গেছে, ধানের ফলন বেড়েছে। কীটনাশক ব্যবহার করতে হয়েছে কম।
গবেষণার ফলাফল জানতে আজ বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি ঈদগাহ মাঠে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রকল্পের শুরুতে গবেষণাধীন কৃষকদের সার প্রয়োগের কার্ড সরবরাহ করা হয়েছিল। কার্ডের নির্দেশনা অনুযায়ী সার ব্যবহার করেন কৃষকেরা।
সভায় প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ডব্লিউ বেল। শতাধিক কৃষক এতে উপস্থিত ছিলেন। কৃষকেরা জানিয়েছেন, পরিমিত মাত্রায় সার ব্যবহার করে তাঁরা সুফল পেয়েছেন।
গোগ্রাম এলাকার কৃষক হযরত আলী বলেন, কার্ডে লেখা পরামর্শ অনুযায়ী সার ব্যবহার করে বিঘাপ্রতি তিনি ২০ মণ করে বোরো ধানের ফলন পেয়েছেন। এত ফলন আগে কখনো পাওয়া যায়নি।
বোরো ধানে বিঘাপ্রতি প্রায় এক হাজার টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর গ্রামের কৃষক নিয়াজ উদ্দিন। তিনি বলেন, আগে প্রতি বিঘা বোরো ধানে ইউরিয়া সার প্রয়োগ করতেন ৬০ কেজি। এ ছাড়া ডিএপি ৫০ কেজি এবং পটাশ ৫ কেজি লাগত। এবার মাত্র ২৬ কেজি ইউরিয়া ও ২০ কেজি ডিএপি দিয়েছেন। এ ছাড়া পটাশ বাড়িয়ে ২৬ কেজি করেছেন। এ কারণে জমিতে রোগবালাই ও কীটনাশকের আক্রমণ হয়নি। তাই কীটনাশকও কম লেগেছে। ফলে খরচ কমেছে। এ ছাড়া জমিতে ফলনও হয়েছে বিঘাপ্রতি ২০ মণ। ঝড়ে ধানগাছ পড়ে না গেলে আরও ভালো ফলন পাওয়া যেত।
সভায় উপস্থিত ছিলেন বিজয়নগর গ্রামের নারী তাজকিরা বেগম। তিনি বলেন, ‘কম সার দেওয়ার প্রস্তাব করায় আমার স্বামী মেজাজ দেখিয়ে বলেছিলেন, “এত কম সারে ফসল হয় নাকি! মেয়েমানুষ শুধু বেশি বোঝে।” তখন আমি বলেছিলাম, “প্রতিবছর তোমার ইচ্ছামতো সার দাও, এবার এভাবে দিয়ে দেখো।” শেষে তিনি রাজি হন। এভাবে কম সার দেওয়ায় আমাদের বিঘাপ্রতি পাঁচ মণ বেশি ফলন হয়েছে। ধান চাষে খরচও কম লেগেছে।’
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় অধ্যাপক রিচার্ড ডব্লিউ বেল বলেন, পরিমিত মাত্রায় সার ব্যবহার করলে জমির ফসল ভালো থাকে। এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। তখন কীটনাশকের ব্যবহার কম করতে হয়। ফলে খরচ কমে। মাটির উর্বরত ঠিক থাকে। এসব কারণে কৃষকদের এভাবে পরিমিত সার ব্যবহারের পরামর্শ দেন রিচার্ড।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জগদীশ চন্দ্র বর্মণ বলেন, না জেনে চাষিরা ইচ্ছামতো সার প্রয়োগ করেন। এতে মাটি অসুস্থ হয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়া সরকারের অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর), অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিসিএএসপিএ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও কৃষি গবেষণা ফাউন্ডেশন মাটি পরীক্ষা করে পরিমিত সারের পরিমাণ নির্ধারণ করেছে।