
বাজার থেকে পান–সুপারি নিয়ে বাড়ি ফিরছিল মাদ্রাসাছাত্র আতিকুর রহমান। কিন্তু বাড়ি আর ফেরা হয়নি তার। পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় সে। আজ শুক্রবার বেলা ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসি সড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া আতিকুর রহমান (১২) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাকু মিয়ার ছেলে। আতিকুর স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে আতিকুর স্থানীয় বাজার থেকে পান-সুপারি নিয়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিল।
বেলা ১১টার দিকে গাইবান্ধা-বালাসি সড়কের তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট–বোঝাই একটি ট্রাক আতিকুরের বাইসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পুলিশ নিহত আতিকুরের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ বলেন, তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও তাঁর সহকারীকে আটকের চেষ্টা চলছে।