
রাজবাড়ীর গোয়ালন্দে পাবনার আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী ব্যাপারীকে (৬৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. রাশেদুল ইসলাম (২০)। নদীপথে যে ট্রলারে করে সন্ত্রাসী দল এসে আক্কাছ আলীকে কুপিয়ে হত্যা করে, রাশেদুল সেই ট্রলারটির চালক ছিলেন। তাঁকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করলে তিনি খুনের সঙ্গে জড়িত বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার রাশেদুল গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরপাড়া গ্রামের অফু মণ্ডলের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে রাজবাড়ী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গত ২১ জুন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছিতে আক্কাছ আলী ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই এলাকা গোয়ালন্দ ঘাট থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। বেলা পৌনে একটার দিকে রাখালগাছিতে স্থানীয় করিম প্রামাণিকের বাড়ির সামনের রাস্তায় অবস্থান করছিলেন পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী ব্যাপারী। এ সময় নদীপথে ট্রলারে করে কয়েকজন সন্ত্রাসী এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ঘাড় এবং পরে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পুনরায় ট্রলারে করে ফিরে যায়। সন্ত্রাসীরা নিষিদ্ধঘোষিত চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য।
রাশেদুল ডিবির জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অজ্ঞাতপরিচয় আসামিদের নাম ও ঠিকানা জানিয়েছেন।
রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস জানান, সন্ত্রাসীরা যে ট্রলারে করে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, ওই ট্রলারের চালক ছিলেন রাশেদুল ইসলাম। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পাশাপাশি পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশে ছায়াতদন্ত দল হিসেবে কাজ করছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ এলাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সঙ্গে রাশেদুল হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অজ্ঞাতপরিচয় আসামিদের নাম ও ঠিকানা জানান। পরদিন শুক্রবার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, নিহত আক্কাছ আলীর ছেলে বাদী হয়ে যে ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছিলেন, তাতে থাকা অজ্ঞাতনামা আসামি হিসেবে রাশেদুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।