দাবি মেনে না নেওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ রোববার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের সাধারণ পাঠাগারে সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতিরোধ কমিটির সমন্বয়ক সৈয়দ হোসেন আহম্মেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদা স্থানে সাতটি পথসভা ও তিনটি মানববন্ধন। এ ছাড়া ১৭ অক্টোবর গণমিছিল ও পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো নিয়ম না মেনেই পৌরসভা অযৌক্তিকভাবে গৃহকর বাড়িয়েছে। কর নির্ধারণের তথ্য পৌরসভার ওয়েবসাইটে না দিয়ে অস্বচ্ছতার আশ্রয় নেওয়া হচ্ছে।