এখন প্রায় প্রতিদিন কোনো ঘটনা বা রটনার মধ্য দিয়ে এগোচ্ছে ক্ষমতাসীনদের রাজনীতি।

জুতার দরদাম নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরের গাইলকাটা ও তাতারকান্দি এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয় গত ২৮ মে। এ ঘটনায় গাইলকাটার সুজন মিয়া নামের এক ব্যক্তি মারা যান। হতাহত ব্যক্তিদের দেখতে সেদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মেয়র সৈয়দ হাসান সারোয়ার। সেখানে তিনি বিক্ষুব্ধ লোকজনের তোপের মুখে পড়ে চলে আসেন। ওই দিন সুজনের জানাজায় গিয়ে লাঞ্ছিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছির মিয়া।
চেয়ারম্যান ও মেয়রের মধ্যে কুলিয়ারচরে মুছা মিয়া হওয়ার খায়েশ জাগ্রত হয়েছে। তাঁদের মনে রাখা উচিত ভালোবাসা ও সহযোগিতা দিয়ে মুছা মিয়া এলাকার অভিভাবক হয়েছিলেন।ইলিয়াস মাহমুদ কাসেমী, যুগ্ম আহ্বায়ক, পৌর আওয়ামী লীগ
হাসান সারোয়ার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আর ইয়াছির নির্বাহী সদস্য। তাঁদের অনুগতদের ভাষ্য, জুতা নিয়ে সংঘর্ষের ঘটনার নেপথ্যে ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ কাসেমী। ইলিয়াস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছার ফুফাতো ভাই। তিনি ইমতিয়াজের অনুগত হয়ে রাজনীতি করেন। দলীয় রাজনীতিতে ওই দুই জনপ্রতিনিধির (হাসান সারোয়ার ও ইয়াছির) উত্থান ঠেকাতে ইলিয়াস সেই দিন এই অপ্রীতিকর ঘটনা ঘটান। এর আগে ২৫ মে রাতে ঘোষপাড়ার একটি শ্মশানের প্রাচীর ভেঙে ফেলার ঘটনা ঘটে। অভিযোগ ছিল বহুতল ভবন নির্মাণের জন্য চেয়ারম্যানের নির্দেশে সেদিন শ্মশানে আগ্রাসন চলে। ১০ দিনের ব্যবধানে আরও একটি শ্মশানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ইয়াছিরকে ভর্ৎসনা করেন। পরে সংসদ সদস্য নাজমুল হাসানের নির্দেশে শ্মশান সংস্কার করে দিতে বাধ্য হন চেয়ারম্যান। ছোট ঘটনাটি জাতীয় ইস্যু হওয়ার পেছনে তিনি সভাপতি পক্ষের ইন্ধনকে দায়ী করেন। ঘটনা দুটির পর কুলিয়ারচর আওয়ামী লীগে বিভক্তি প্রকাশ্যে রূপ নেয়। এখন প্রায় প্রতিদিন কোনো ঘটনা বা রটনার মধ্য দিয়ে এগোচ্ছে ক্ষমতাসীনের রাজনীতি। সর্বশেষ গত রোববার ফেসবুকে এক নারীর সঙ্গে ইলিয়াসের কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দল ছাপিয়ে বাইরেরও আলোচনা চলছে।
আবদুস ছাত্তার মাস্টার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মূল্যায়ন কুলিয়ারচরে আওয়ামী লীগের রাজনীতি এ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে।
দলীয় সূত্র জানায়, স্বাধীনতার পর কুলিয়ারচর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সৈয়দ অহিদ মিয়া। পরে অহিদের আপন ভাই সৈয়দ মুছা মিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক হন আবদুল গণি মিয়া। মূলত তাঁদের নেতৃত্বে কুলিয়ারচরে আওয়ামী লীগের ভিত শক্ত হয়।
ভৈরব ও কুলিয়ারচর নিয়ে কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী হন সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সে বছর কুলিয়ারচর গ্রুপের কর্ণধার শিল্পপতি মো. মুছা মিয়া (সিআইপি) প্রকাশ্যে জিল্লুর রহমানের পক্ষে নামেন। সেই থেকেই কুলিয়ারচরে আওয়ামী লীগের নেতৃত্ব মো. মুছা মিয়ার পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। বর্তমান সভাপতি ইমতিয়াজ এই মুছা মিয়ার ছেলে। গত শনিবার চেয়ারম্যান ও মেয়রের নেতৃত্বে জনসভা হয়। সেদিন প্রত্যেক বক্তার মুখ থেকে ইমতিয়াজ ও ইলিয়াসের সমালোচনা বের হয়ে আসে।
১৯৯৬ সালের পর মো. মুছা মিয়া পরিবারের কারও বিপক্ষে গত শনিবার প্রথমবারের মতো কোনো একটি পক্ষ আঙুল তুললেন।
গিয়াস উদ্দিন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদটিও তাঁর। সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, ‘এককথায় আমরা বিভাজনের দিকে যাচ্ছি।’
হঠাৎ করে দলে অস্থিরতা নিয়ে কথা হয় একাধিক নেতা-কর্মীর সঙ্গে। তাঁরা জানালেন, মো. মুছাকে বেশির ভাগ মানুষ কুলিয়ারচরের অভিভাবক মনে করতেন। স্থানীয় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে মুছার আর্থিক সহযোগিতা ভোলার নয়। রাজনীতি ছাড়াও তাঁর সামাজিক ভিতও ছিল শক্ত।
২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ছিলেন মো. মুছা মিয়ার ছোট ভাই আবুল হোসেন। মুছার সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে আবুল হোসেন পদ হারান। ওই পদে স্থলাভিষিক্ত হন ইমতিয়াজ। এরপর থেকে মুছার পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে ইমতিয়াজের প্রভাবে ভাটা পড়ে। এক বছর আগে মুছা মারা যান। তখন পরিবেশ ইমতিয়াজের প্রতিকূলে যেতে শুরু করে।
ব্যবসায়িক প্রয়োজনে ইমতিয়াজ বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। ইমতিয়াজের অবর্তমানে দল দেখাশোনা করতেন ইলিয়াস। সামাজিক সুরাহা পেতে ভুক্তভোগীরা চেয়ারম্যান ও মেয়রের চেয়ে ইলিয়াসের দ্বারস্থ বেশি হতেন। বিষয়টি চেয়ারম্যান ও মেয়রের পছন্দ নয়। এরই মধ্যে দলের কয়েকজন নেতা ইলিয়াস অনুগতদের দ্বারা অপমানিত হন। এ নিয়ে পক্ষটি ইমতিয়াজ ও ইলিয়াসের প্রতি ক্ষুব্ধ হচ্ছিল। এই দুই নেতার বিরুদ্ধে চেয়ারম্যান ও মেয়রের সহযোগী হিসেবে রয়েছেন আবুল হোসেন, মেয়রের ভাতিজা সৈয়দ মাহাবুব আতিক, চেয়ারম্যানের ভাই আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সৈয়দ মাহাবুব উপজেলা আওয়ামী লীগের সম্পাদক পদ পেতে আগ্রহী।
সাম্প্রতিক ঘটনায় মুছা পরিবারের দিকে আঙুল তোলা হলো কি না, জানতে কথা হয় আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, দলের কেউ মুছার পরিবারের বিপক্ষে আঙুল তোলেননি। আঙুল উঠেছে ইমতিয়াজ ও ইলিয়াসের বিপক্ষে। দলে তাঁদের ভূমিকা আগ্রাসী।
তবে ইলিয়াস বলেন, চেয়ারম্যান ও মেয়রের মধ্যে কুলিয়ারচরে মুছা মিয়া হওয়ার খায়েশ জাগ্রত হয়েছে। তাঁদের মনে রাখা উচিত ভালোবাসা ও সহযোগিতা দিয়ে মুছা মিয়া এলাকার অভিভাবক হয়েছিলেন। তাঁরা হতে চান ডরভয় দেখিয়ে।
নারীর সঙ্গে ভাইরাল হওয়া ছবির বিষয়ে তাঁর দাবি, ছবিটি আরোপিত।
তবে ইয়াছির মিয়া বলেন, ‘ইলিয়াসের বাড়ি কুলিয়ারচর নয়। তাঁর কারণে রাজনীতি নষ্ট হয়েছে। আমাদের রাজনীতি ইলিয়াসকে কুলিয়ারচর ছাড়া করা।’ ইমতিয়াজ রাজনৈতিক এই পরিবেশের দায় চাপান চেয়ারম্যান ও মেয়রের অদায়িত্বশীল আচরণের ওপর। তিনি বলেন, নগদ টাকাপয়সা উড়িয়ে অস্থিরতা তৈরি করতে পারলেও পক্ষটির রাজনৈতিক উচ্চাভিলাষ সফল হওয়ার নয়।