সাভারে শিক্ষক হত্যা

প্রধান আসামির বাবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আদালত
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালীর একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত স্কুলছাত্রের বাবাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা–পুলিশ।

এসআই এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গত শনিবার স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র (১৬)। গত সোমবার ভোরে চিকিৎসাধীন ওই শিক্ষক মারা যান।

গত রোববার ওই শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলার এজাহার বলছে, শনিবার দুপুরে দশম শ্রেণির ওই ছাত্র ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিত শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা চালায়। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ ছাড়া স্টাম্পের সুচালো অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে পাস করার পর আশুলিয়ায় চিত্রশাইলে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন উৎপল কুমার সরকার। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতিও ছিলেন।