
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ নুর উদ্দিন (২৯) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হলে আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নুর উদ্দিন (২৯) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রাক্তন এক ছাত্রীর আপত্তিকর ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, ওই ছাত্রী বর্তমানে একটি কলেজে পড়ে। স্কুলে পড়ার সময় নুর উদ্দিন ওই ছাত্রীকে প্রেম করতে বাধ্য করেন। ওই সময় জোর করে কিছু যুগল ছবি তুলে রাখেন তিনি। সম্প্রতি ওই ছাত্রীকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলে ওই শিক্ষক আগের ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।