
১৫ অক্টোবর রাতে ফেনী শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দিরে হামলা এবং শহরের তাকিয়া রোডে হিন্দুদের দোকানপাটে ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে গতকাল শনিবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হলো।
হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ, র্যাব ও মন্দির কমিটির পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মোট চারটি পৃথক মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তৌওহিদুল ইসলাম জিদান (১৯) ও ফেনীর সোনাগাজী উপজেলার বড়হালিয়া গ্রামের গোলাম মোরশেদ খান (২০)।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তার দুজনকে আজ রোববার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে প্রত্যেককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
মো. মনির হোসেন আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির, আশ্রম ও দোকানপাটে হামলা-ভাঙচুরসহ যেসব তাণ্ডব ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। কোনো নিরাপরাধ লোক যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেটাও দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।