
বগুড়া শেরপুরে এক কলেজছাত্রীকে (১৭) উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার খামারখান্দি ইউনিয়নের শুভগাছা উত্তরপাড়া গ্রামের সড়ক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে আজ সকাল ১০টায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন হাসান (২২)। তিনি উপজেলার খামারখান্দি ইউনিয়নের শুভগাছা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, সুমন হাসান ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আবারও উত্ত্যক্ত করলে ওই ছাত্রীর বাবা থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সুমন হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সুমন হাসান প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে আনা ওই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ পুলিশের কাছে স্বীকার করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার সুমন হাসানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।