বগুড়ায় করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮

করোনাভাইরাস
প্রতীকী ছবি

বগুড়ায় আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪১৮। জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭৮ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় জেলায় ৩২১টি নমুনা পরীক্ষার ফলে ৬৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে ৩০৫টি নমুনা পরীক্ষায় ৬২ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

ডেপুটি সিভিল সার্জন বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ৬২টি সাধারণ শয্যা, ১৩টি আইসিইউসহ ৭৫টি শয্যা আছে। এখানে সোমবার সকাল পর্যন্ত করোনার রোগী ভর্তি আছেন ৭৩ জন।

এদিকে মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রোগীর জন্য ৫০টি সাধারণ শয্যা ও ৮টি আইসিইউ শয্যা আছে। এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন ৭০ জন। এ হাসপাতালে করোনা রোগীদের জন্য নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, নেই উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ৫০টি সাধারণ শয্যা ও ৫টি আইসিইউ শয্যা আছে। এখানে রোগী ভর্তি আছেন ৫৪ জন।