বদরগঞ্জে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী আটক

লাশ
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চঞ্চলা রানী (২৪) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত চঞ্চলা রানী উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা বিষ্ণু চন্দ্র অধিকারীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

আটক বিষ্ণু চন্দ্র অধিকারীর দাবি, তাঁর স্ত্রী নিজেই ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে আনার পর তিনি মারা যান। তাঁর মাথায় সমস্যা আছে। এর আগেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। চিকিৎসা করেও কোনো কাজ হয়নি।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষ্ণু চন্দ্র অধিকারী (২৬) পেশায় কাঠমিস্ত্রি। ছয় বছর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চাওড়া গ্রামের নন্দলাল মহনের মেয়ে চঞ্চলা রানীকে বিয়ে করেন। তাঁদের সংসারে বর্ষা মনি অধিকারী নামের চার বছরের একটি কন্যাসন্তান আছে। আজ সকালে স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে বিষ্ণু চন্দ্র কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান।

বিষ্ণু চন্দ্র বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এলাকার লোকজন স্ত্রীকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে ছুটে যাই। আমি তাকে হত্যা করিনি।’

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গলাকাটা অবস্থায় হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অনেকে জানিয়েছেন, ওই গৃহবধূ মানসিক রোগী ছিলেন। নিজেই নাকি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি রহস্যজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা পরিদর্শনে গেছেন। লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।