বরপক্ষ দেখতে আসার কথা মেয়েকে, খুন হলেন বাবা

হত্যা
প্রতীকী ছবি

খাদিজা খাতুনের বিয়ের জন্য বরপক্ষ দেখতে আসার কথা আজ বৃহস্পতিবার। পছন্দ হলে আজই বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষক বাবলু রহমানের বাড়িতে ছিল আনন্দমুখর পরিবেশ।

এরই মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে এক প্রতিবেশীর হামলায় খুন হলেন বাবলু রহমান। মুহূর্তে আনন্দ আয়োজনে পড়ে গেল কান্নার রোল।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুরের। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে খুন হয়েছেন কৃষক বাবলু রহমান (৪০)। তিনি গঙ্গাদাসপুর গ্রামের মাঠপাড়ার মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জমির উদ্দিনকে (৪৫) আটক করেছে পুলিশ। আর নিহত বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানান, জমির উদ্দিন একজন মানসিক প্রতিবন্ধী।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যায় বাবলু রহমানের মেয়ে খাদিজা খাতুনের বিয়ের জন্য ছেলেপক্ষ দেখতে আসার কথা। পছন্দ হলে বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য বাবলু তাঁর ভায়রাভাই একই গ্রামের মিন্টু মিয়াকে দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে যাওয়ার পর পেছন থেকে প্রতিবেশী জমির উদ্দিন তাঁর হাতে থাকা কোদাল দিয়ে বাবলুর মাথায় আঘাত করেন। এ সময় পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে তিনি মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল খালেক প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় আটক জমির উদ্দিনকে তাঁর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছেন। আটকের পর জমির পুলিশকে জানিয়েছেন, তাঁর মাকে প্রতিবেশী বাবলু দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বারবার নিষেধ করার পরও তিনি শোনেননি। তাই তিনি বাধ্য হয়ে তাঁকে খুন করেছেন।