বরিশালে ঘুরতে বের হয়ে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মোটরসাইকেল ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী আরেকজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে মোহাম্মদ নীরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন হাওলাদার (২২)। তাঁদের বন্ধু সুমন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নীরব তাঁর মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে আসছিলেন। পথে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নীরব নিহত হন এবং আহত অবস্থায় লিমন ও সুমনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে লিমনের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজ বুধবার সকালে বলেন, গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশালে নেওয়া হয়।