
ঈদের ছুটি শেষে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েই চলেছে। আজ শনিবার সকাল থেকে ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে।
এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে চাহিদা অনুযায়ী কম ফেরি চলায় পদ্মা পারাপারে যাত্রী ও যানবাহনগুলোকে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন কর্মস্থলমুখী যাত্রী ও পরিবহনের শ্রমিকেরা।
বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ দুপুর দুইটায় প্রথম আলোকে বলেন, বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ায় ছয়টি ফেরি চলাচল করছে। আর শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে আরও চারটি ফেরি চলছে। তিন নৌপথে ১০টি ফেরিতে ঢাকামুখী যাত্রীদের পারাপার করা হচ্ছে। গতকালের তুলনায় আজ যাত্রী ও যানবাহনের ভিড় বেশি। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ঘাটে সবই ব্যক্তিগত গাড়ি আর শত শত মোটরসাইকেল। ফেরিঘাটে আসামাত্রই ডেকের বেশির ভাগই মোটরসাইকেলে ভরে যায়। প্রতিটা ফেরিতে ২০০ থেকে ৩০০ মোটরসাইকেল ওঠে। মোটরসাইকেলের চাপ বেশি থাকায় ব্যক্তিগত গাড়ি পারাপারে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষ হওয়ায় গতকাল থেকে ঢাকামুখী যাত্রীরা কর্মস্থলে যোগ দিতে গন্তব্যে ছুটছেন। গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ১০টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে।
সরেজমিন দেখা গেছে, ভোর থেকে যাত্রীদের চাপ বেশি থাকায় বাংলাবাজার ঘাটের টার্মিনাল ও সংযোগ সড়কে অন্তত চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। এর সিংহভাগই ব্যক্তিগত গাড়ি।
ঢাকামুখী মাইক্রোবাসের চালক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকাল ১০টায় ঘাটে সিরিয়াল দিয়ে দুপুর ২টা পর্যন্ত একভাবে দাঁড়িয়ে আছি। ফেরি আসামাত্রই মোটরসাইকেলে ভরে যাচ্ছে। আমাদের গাড়ির আর জায়গা হচ্ছে না। তার ওপর ভিআইপি গাড়ির যন্ত্রণা তো আছেই। ভিআইপিদের কারণে বেশি টাকা দিতে চাইলেও ফেরিতে উঠতে পারি না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তির মধ্যে পড়েছি। এগুলো দেখার যেন কেউ নেই।’
ফেরিতে মোটরসাইকেল নিয়ে পার হন বরগুনার শাহাদাত সরদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম। ঈদ করে ঢাকায় ফিরছিও মোটরসাইকেলে। ঘাটে কিছুটা দুর্ভোগ থাকবেই। তবে মা-বাবার সঙ্গে ঈদ করে এখন ঢাকায় ফিরছি, এটাই আনন্দের।’
বাংলাবাজার লঞ্চঘাটেও ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের চাপ বেশি থাকায় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহনসহ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
বরিশাল থেকে আসা ঢাকামুখী লঞ্চযাত্রী আবদুল আহাদ বলেন, সরাসরি ঢাকার কোনো বাসে আসন পাননি। তাই ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত এসেছেন। ঘাটে এসে দেখেন, সব নৌযানে তীব্র ভিড়। সবাই গাদাগাদি করে যাচ্ছেন। তাই বাধ্য হয়ে তিনিও লঞ্চে উঠেছেন। লঞ্চে ওঠার পরে পা রাখার জায়গাটুকুও পাননি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, ‘গত দুদিনের তুলনায় আজ কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় বেশি। তবে নৌযানের ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার করা হচ্ছে। যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’