বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানি কার্যক্রম ১২ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

চিঠিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি সমন্বয় করে ভারতের ফুলবাড়ী বন্দরের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সোমবার (১৯ জুলাই) থেকে শুক্রবার (৩০ জুলাই) পর্যন্ত মোট ১২ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বন্দরের সরকারি দপ্তরগুলোর কার্যক্রম যথা নিয়মেই চলবে। ৩১ জুলাই (শনিবার) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঈদের পর করোনা পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সময় বাড়া বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে।