বাউফলে মাদ্রাসাশিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করার ভিডিও ভাইরাল

পটুয়াখালী জেলার মানচিত্র
পটুয়াখালী জেলার মানচিত্র

এক প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে আরেক প্রতিষ্ঠানে নেওয়ায় অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। পরে মাথা ন্যাড়া করে দেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায়। বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাউফল মদিনাতুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আনিচুর রহমানের উপস্থিতিতে দুই ব্যক্তি ওই শিক্ষককের মাথা ন্যাড়া করেন।

এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে বাউফল মদিনাতুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসার কার্যক্রম বন্ধ রয়েছে।

নির্যাতনের শিকার ওই শিক্ষকের নাম মো. মনিরুল ইসলাম (২৫)। তাঁর বাড়ি ভোলার সদর উপজেলার মাদ্রাসাবাজার এলাকায়। তাঁর বাবার নাম আবদুল মান্নান।

কয়েকজন অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুল বাউফল মদিনাতুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি করতেন। একজন ভালো শিক্ষক হিসেবে তাঁর সুনাম ছিল। ওই মাদ্রাসার পরিচালক আনিচুর রহমানের সঙ্গে বেতন না দেওয়া ও সরকারি বরাদ্দ আত্মসাৎ করাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে চাঁদপুর সদর উপজেলার লাউতলী জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় যোগদান করেন। তিনি চলে যাওয়ার পর মদিনাতুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসায় কয়েকজন ছাত্র অন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হন এবং মো. মুজাহিদ (৮) নামে এক শিক্ষার্থীকে তাঁর বাবা জাকির হোসেন ওই মাদ্রাসা থেকে নিয়ে হাফেজ মনিরুল ইসলামের চাঁদপুরের মাদ্রাসায় ভর্তি করান। এতে ক্ষুব্ধ হন আনিচুর। পরে তিনি অভিভাবক পরিচয়ে হাফেজ মনিরুলের ফোনে কল করে কয়েকজন ছাত্র ভর্তি করানোর কথা বলে বাউফলে আসতে বলেন।

চাঁদপুর থেকে লঞ্চে করে গত রোববার ভোলায় আসেন মনিরুল এবং ভোলা থেকে বেলা তিনটার দিকে স্পিডবোটে করে বাউফলের ধূলিয়া এলাকায় আসেন। পরে সেখান থেকে তাঁকে আনিচুরের লোকজন উপজেলার কালিশুরী এলাকার একটি মাদ্রাসায় নিয়ে যান। ওই মাদ্রাসার একটি কক্ষে আটকে রেখে বিকেল পৌনে চারটার দিকে মনিরুলকে মারধর করেন আনিচুর ও তাঁর লোকজন। একপর্যায়ে মনিরুলের মাথা ন্যাড়া করে দেন। যার ভিডিও গতকাল বুধবার ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আনিচুর চেয়ারে বসে আছেন। তাঁর সামনেই এক ব্যক্তি মাথা ন্যাড়া করছেন। ওই কক্ষে আরও চার ব্যক্তি উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুই ব্যক্তি মাথা ন্যাড়া করার দৃশ্য ভিডিও করছেন।

এ বিষয়ে আনিচুর রহমান জানান, তাঁর মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. জসিম উদ্দিনের (২৭) সঙ্গে হাফেজ মনিরুলের বিরোধ ছিল। এতে জসিম অর্ধেক অংশ ও আরও এক ব্যক্তি (ভিডিওর ব্যক্তি) মনিরুলের মাথার বাকি অংশ ন্যাড়া করেছেন। ঘটনার সময় তিনি উপস্থিত থাকার কথা স্বীকার করেন।

হাফেজ জসিম জানান, তাঁর সঙ্গে মনিরুলের বিরোধ ছিল না। ঘটনার সময় তিনি (জসিম) উপস্থিত ছিলেন। তবে মাথা ন্যাড়া করেননি। আর সবই করা হয়েছে আনিচুরের উপস্থিতিতে ও তাঁর (আনিচুর) নির্দেশে।

এ বিষয়ে হাফেজ মনিরুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো অপরাধ ছিল না। আমাকে ডেকে নিয়ে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। আমার মানসিক অবস্থা ভালো নয়, এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’