
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর ওপর নির্মাণাধীন গোমা সেতুর উচ্চতা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে। সংশোধিত নতুন নকশায় সেতুটির বাকি কাজ সম্পন্ন করার জন্য প্রাক্কলন অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। নতুন নকশা ও সংশোধিত বাজেটে প্রকল্পটির ব্যয় বেড়েছে ৩৪ কোটি টাকারও বেশি।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে তিন বছর মেয়াদের প্রকল্পটি অনুমোদন পেয়েছিল ২০১৭ সালে। তখন প্রাক্কলিত ব্যয় ছিল ৫৭ কোটি ৬২ লাখ টাকা। প্রথম সংশোধিত প্রাক্কলনে এর ব্যয় বেড়ে নির্ধারণ হয়েছে ৯২ কোটি ৫৩ লাখ ৬২ হাজার টাকা।
এর আগে তিন বছরের প্রকল্পে পাঁচ বছর পেরিয়ে গেলেও অর্ধেকের কম কাজ সম্পন্ন হওয়ার পর বিআইডব্লিউটিএ নৌপথ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেতুর নির্মাণকাজে আপত্তি তোলে। ফলে বন্ধ হয়ে যায় সেতুটির নির্মাণকাজ। এর মধ্যে সেতুটির নকশায় পরিবর্তন এনে সংশোধিত প্রাক্কলন তৈরি করা হয়।
এই সেতু নির্মাণের দাবি উত্থাপনে সংশ্লিষ্টদের মধ্যে আছেন বাকেরগঞ্জের বাসিন্দা ও জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন। তিনি বলেন, তৎকালীন মন্ত্রী রাশেদ খান মেননের সরকারি চাহিদাপত্রে (ডিও লেটার) সেতু নির্মাণ অনুমোদিত হয়।
সেতুটি বাস্তবায়িত হলে বরিশাল বিভাগীয় সদর ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার মধ্যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন হবে। ২০২৩ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের কথা জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ বলেন, সেতুর মাঝের দুটি স্প্যান (৪ ও ৫ নম্বর) স্টিলের কাঠামোর বিশেষ প্রযুক্তির মাধ্যমে হাই-ওয়াটার লেভেল থেকে ৯ দশমিক ১৪ মিটার উঁচু করে নির্মাণ করা হবে।