
শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের জন্য হোস্টেল ও বয়স্ক শ্রমিকদের জন্য অবসরকালীন ভাতার ব্যবস্থাসহ ৯ দফা দাবি বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। এ দাবিতে শুক্রবার বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করেছে তারা। বক্তারা আসন্ন বাজেটে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চেয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম। বক্তব্য দেন জেলার গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সুলতানা আক্তার প্রমুখ।
সমাবেশে বলা হয়, সরকার ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছে। এসডিজির ১৭টি লক্ষ্যের প্রথম লক্ষ্য কোনো দারিদ্র্য থাকবে না, দ্বিতীয় লক্ষ্য খাদ্যনিরাপত্তা ও পুষ্টির উন্নয়ন, অষ্টম লক্ষ্য শোভন ও পূর্ণকালীন কাজ নিশ্চিত করা, দশম লক্ষ্য বৈষম্য বিলোপ। করোনা–পরবর্তী সময়ে দারিদ্র্য বেড়েছে, বেড়েছে অপুষ্টি, কর্মহারা হয়েছেন লাখ লাখ মানুষ। এই সময়ে এসডিজি অর্জন করতে হলে প্রায় সাত কোটি শ্রমজীবী মানুষকে সামাজিক সুরক্ষাবলয়ের মধ্যে নিয়ে আসতে হবে। দেশে প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রের সুযোগ সংকুচিত হচ্ছে। ফলে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বার্ধক্যকালীন নিরাপত্তার জন্য শ্রমজীবী পেনশন স্কিম চালু করতে হবে।
বক্তারা বলেন, ২০২২ সালের ৯ মে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ ডলার, ২০২১ সালের ২৩ মে ছিল ২ হাজার ২২৭ ডলার। অর্থাৎ গত এক বছরে মাথাপিছু আয় ৫৯৭ ডলার বা ৫১ হাজার টাকার বেশি বেড়েছে। সাধারণ মানুষের আয় হ্রাস আর মাথাপিছু গড় আয় বৃদ্ধির এই চিত্রের মাধ্যমে সম্পদ বণ্ঠনে তীব্র বৈষম্যের বিষয়টি উঠে এসেছে। আগামী ৯ জুন সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি। পূর্বের মতো হয়তো এই বাজেটেও সবচেয়ে বড় আয় আসবে পরোক্ষ কর থেকে। ভ্যাট-ট্যাক্সের একটা বড় অংশ বহন করবেন শ্রমজীবী মানুষ। তাই বাজেটে যাতে প্রায় সাত কোটি শ্রমজীবী মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেই আশা প্রকাশ করেন বক্তারা।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ উত্থাপিত ৯ দফা দাবি হলো শ্রমিক, কর্মচারীসহ নিম্ন আয়ের মানুষের জন্য রেশনব্যবস্থা; বিনা মূল্যে চিকিৎসা ও সুলভ মূল্যে আবাসনব্যবস্থা নিশ্চিত করা; কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা-ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য বরাদ্দ রাখা; বাজেটে পাট-চিনিশিল্প পুনরুদ্ধার ও রক্ষার জন্য বরাদ্দ রাখা; শ্রমিকদের স্বাস্থ্যনিরাপত্তা ও সামজিক সুরক্ষায় বরাদ্দ রাখা; শ্রমজীবী হাসপাতাল, শিশুযত্ন কেন্দ্র স্থাপন, শ্রমজীবীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাব্যবস্থা চালু; অর্থ পাচারকারী-ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে সেই অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা; দুর্নীতিরোধে কালোটাকা সাদা করার সুযোগ না রেখে তা বাজেয়াপ্ত ও আদায় করে উৎপাদন খাতে বিনিয়োগের উদ্যোগ নেওয়া; শ্রমজীবীদের জন্য সর্বজনীন অবসরকালীন ভাতা চালু করা; ফিরে আসা প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা এবং কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থানভিত্তিক উন্নয়নে গুরুত্ব আরোপ করা।